
তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা তুলনামূলকভাবে কম থাকলেও চলতি ডিসেম্বরেই দেশের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ ডিসেম্বর) এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর জুড়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানায়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০°সে) থেকে মাঝারি (৬-৮°সে) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ সময় দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, আর অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সিএনআই/২৫