
জুলাই মাসে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোকে কেন্দ্র করে দায়ের মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্যান্য ধারায়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট দেওয়া ৩১টি হত্যা মামলা এসেছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুরসহ বিভিন্ন জেলা এবং পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন থেকে।
অন্যান্য ধারার ৭৫টি মামলা এসেছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনাসহ বিভিন্ন জেলা ও পিবিআই, সিআইডি এবং দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিট থেকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের মামলাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করতে প্রতিটি মামলার তদারকি করছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। অন্য মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।
সিএনআই/২৫