
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। রোববার (৩০ ডিসেম্বর) রাত ২টার দিকে আন্তর্জাতিক পিলার ৭৬ ও ৭৭–এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নিহত দুজন হলেন— দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ইব্রাহিম রিংকু (২৮) এবং পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মমিন মিয়া (২৯)।
স্থানীয়দের দাবি, গভীর রাতে ৪–৫ জনের একটি দল সীমান্ত দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করলে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রিংকু ও মমিনকে আটক করে। পরে বিভিন্ন সূত্রে জানা গেছে, আটক দুজনকে মারধর করে হত্যা করা হয় এবং মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়। অন্যরা পালিয়ে আসে।
পাকা ইউনিয়নের মেম্বার রফিক উদ্দিন জানান, দুজন নিখোঁজ থাকার খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, তবে পরিবারগুলো ভয় পেয়ে আনুষ্ঠানিক অভিযোগ করতে পারছে না।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শোনা গেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করেছে। এখন পর্যন্ত কোনো পরিবারও অভিযোগ দেয়নি।
সিএনআই/২৫