পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে এলাকার তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা–হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে নেমে আসা ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২.০ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এর আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলে বাড়ছে কুয়াশা ও শীতের দাপট। পঞ্চগড়ের সড়ক-মহাসড়কগুলো ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকায় দিনের বেলায়ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে; অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ অঞ্চলে মানুষজন গরম কাপড়, আগুন আর অন্যান্য উপায়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে শীত বাড়ার সঙ্গে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। শিশু ও বয়স্কদের মধ্যে আক্রান্তের হার বেশি দেখা যাচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। সকাল ৯টায় রেকর্ড হওয়া ১২ ডিগ্রি তাপমাত্রা ও ৮৭ শতাংশ আর্দ্রতা শীতের অনুভূতি আরও বাড়িয়েছে। তিনি জানান, সামনে তাপমাত্রা আরও কমতে পারে।
সিএনআই/২৫