
ভারতের দু’চাকার বাজারে এখন দ্রুত বদল আসছে। স্পোর্টি বাইক বা ক্রুজারের পাশাপাশি ক্রমেই বাড়ছে স্কুটারের জনপ্রিয়তা। বিশেষ করে ১২৫ সিসি স্কুটারগুলো শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ফিচার, ভালো মাইলেজ ও স্টাইলিশ ডিজাইনের কারণে তরুণ থেকে শুরু করে কর্মজীবী সব গ্রাহককেই আকর্ষণ করছে। টিভিএস, হোন্ডা, সুজুকি, ইয়ামাহা ও হিরোর মতো শীর্ষ ব্র্যান্ডগুলো এই সেগমেন্টে দাপট দেখাচ্ছে।
নিচে ১২৫ সিসি বিভাগের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি স্কুটারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:
টিভিএস এনটর্ক ১২৫
সেগমেন্টের অন্যতম শক্তিশালী এই স্কুটারে রয়েছে ১২৪.৮ সিসি এয়ার-কুলড ইঞ্জিন, যা ৭.৫ কিলোওয়াট শক্তি ও ১১.৫ এনএম টর্ক তৈরি করে। রেস মোডে এর সর্বোচ্চ গতি ৯৮ কিমি। ডিজিটাল স্পিডোমিটার, স্মার্ট কানেক্টিভিটি, LED লাইটিং, রাইডিং মোড এবং ইন্টেলিজেন্ট স্টার্ট/স্টপ ফিচার এটিকে আরও আকর্ষণীয় করেছে।
হোন্ডা ডিও ১২৫
১২৫ সিসি পারফরম্যান্স স্কুটার সেগমেন্টের পথিকৃৎ হিসেবে পরিচিত ডিও ১২৫। এর ইঞ্জিন ৬.১১ কিলোওয়াট শক্তি ও ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করে এবং ৯০ কিমি গতিতে পৌঁছায়। রিমোট কী, ব্লুটুথ কানেক্টিভিটি, LED হেডল্যাম্প, TFT মিটার ও আইডলিং স্টপ সিস্টেম—সব মিলিয়ে এটি প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে।
হিরো জুম ১২৫
হালকা ও শহুরে রাইডের জন্য আদর্শ জুম ১২৫ মডেলটিতে আছে ৭.৩ কিলোওয়াট শক্তি ও ১০.৪ এনএম টর্ক উৎপন্নকারী ইঞ্জিন। এতে LED প্রজেক্টর লাইট, সিক্যুয়েন্সিয়াল ইন্ডিকেটর, ডিজিটাল স্পিডোমিটার ও নেভিগেশন সুবিধা দেওয়া হয়েছে। সর্বোচ্চ গতি ৯৫ কিমি।
সুজুকি এভেনিস ১২৫
৬.৩ কিলোওয়াট শক্তি ও ১০ এনএম টর্ক সক্ষম ১২৪ সিসি ইঞ্জিনে চলা এই স্কুটার সহজেই ৯০ কিমি গতিতে পৌঁছায়। এতে রয়েছে ২১.৫ লিটার আন্ডার-সিট স্টোরেজ, LED সেটআপ, USB চার্জিং, ব্লুটুথ ও পুরোপুরি ডিজিটাল কনসোল।
ইয়ামাহা রেজেডআর ১২৫
তালিকার সবচেয়ে হালকা স্কুটারগুলোর একটি রেজেডআর। এর ১২৫ সিসি ইঞ্জিন ৬.০ কিলোওয়াট শক্তি ও ১০.৩ এনএম টর্ক তৈরি করে। সর্বোচ্চ গতি ৯০ কিমি। LED হেডলাইট, ডিজিটাল ক্লাস্টার, ২১ লিটার স্টোরেজ ও অটো স্টার্ট/স্টপ সিস্টেম স্কুটারটিকে আরও ব্যবহারবান্ধব করেছে।
সিএনআই/২৫