২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে তীব্র যানজট

শেয়ার করুন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, বাজারে একচেটিয়া সিন্ডিকেট ভাঙা এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ নিশ্চিতের দাবিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে কুড়িল-বিমানবন্দরসহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা প্রথম দফা অবরোধ শুরু করলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে পরে বেলা ২টার দিকে আবারও ব্যবসায়ীরা একই স্থানে সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যাতায়াতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। কুড়িল থেকে এভারকেয়ার হাসপাতালমুখী বহু পথচারী গাড়ি না পেয়ে হেঁটে যেতে বাধ্য হন।

বিমানবন্দর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমান জানান, অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়কে যানজট চরমে ওঠে। যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক বন্ধ থাকায় খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

গুলশান ট্রাফিক বিভাগের এডিসি জিয়াউর রহমান জানান, ‘মোবাইল বিজনেস কমিউনিকেশন বাংলাদেশ’-এর ব্যানারে ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করছেন। এতে উত্তরা-রামপুরা এবং রামপুরা-উত্তরা রুটসহ আশপাশের সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম পুরোপুরি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
সিএনআই/২৫

শেয়ার করুন