২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ–মালদ্বীপ কৃষিতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার

শেয়ার করুন

বাংলাদেশ ও মালদ্বীপের কৃষি উন্নয়ন এবং জলবায়ু সহনশীল চাষাবাদে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। রোববার (৩০ নভেম্বর) মালদ্বীপের হানিমাদহু দ্বীপের কৃষি খামার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনে হাইকমিশনারকে স্বাগত জানান দ্বীপটির সিটি কাউন্সিলর আব্দুর সাত্তার হাসান। উপস্থিত ছিলেন শ্রম-কল্যাণ উইংয়ের কাউন্সিলর মো. সোহেল পারভেজ, কল্যাণ সহকারী মো. জসীম উদ্দিন এবং ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।

খামার পরিদর্শনে তিনি আধুনিক কৃষি কার্যক্রম ঘুরে দেখেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি মালদ্বীপের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দেশের ভবিষ্যৎ কৃষিভিত্তিক উন্নয়নের ভিত্তি তৈরি করবে।

হাইকমিশনার বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দেন এবং প্রযুক্তিগত সহায়তা, যৌথ প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রসারের মাধ্যমে মালদ্বীপে খাদ্য টেকসইতা (ফুড সাসটেইনেবিলিটি) বৃদ্ধি করার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা স্থানীয় উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করবে।

সিএনআই/২৫

শেয়ার করুন