২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রেনে আগুন, আরএনবির দ্রুততায় রক্ষা

শেয়ার করুন

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে রাখা একটি লোকাল ট্রেনে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আগুন দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্য। তাদের সাহসী ভূমিকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেনটি।

বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে দেখেন বগির কয়েকটি সিটে জ্বলছে আগুন। কোনো সরঞ্জাম না থাকায় তারা নিজেদের জ্যাকেট পানিতে ভিজিয়ে আগুনের ওপর চাপা দেন এবং দ্রুত জ্বালা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ধাওয়া করা হলেও অন্ধকারের সুযোগে তারা পালিয়ে যায়।

সাহসিকতা দেখানো তিন আরএনবি সদস্য হলেন হাবিলদার মাসুদ রানা, সিপাহি আসাদুজ্জামান ও নায়েক ঈসমাইল। তাদের দ্রুত সিদ্ধান্তে ট্রেনের বড় অংশ অক্ষত থাকে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আগুন নেভানোর পর দেখা যায়, বগির কয়েকটি সিট আংশিক পুড়েছে। আশঙ্কাজনকভাবে আরও কয়েকটি সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়ানো ছিল এবং সেখানে পেট্রোল ঢালারও প্রমাণ মেলে, যা আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দেয়।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, আরএনবির তাৎক্ষণিক পদক্ষেপে ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসলে কাছাকাছি থাকা অন্য কোচ, ইঞ্জিন ও প্ল্যাটফর্মে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।

সিএনআই/২৫

শেয়ার করুন