২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ১৭৫ আইএস সন্ত্রাসী নিহত : নাইজেরিয়া

শেয়ার করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক যৌথ সামরিক অভিযানে জঙ্গিগোষ্ঠী আইএসের ১৭৫ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর রয়টার্সের।

মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদরদপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের সহায়তায় চালানো অভিযানে ইসলামিক স্টেট ও এর পশ্চিম আফ্রিকাভিত্তিক শাখা আইএসডব্লিউএপি’র বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানো হয়।

নাইজেরীয় সেনাবাহিনীর দাবি, অভিযানে জঙ্গিদের একাধিক চেকপয়েন্ট, অস্ত্রভাণ্ডার, লজিস্টিক হাব, সামরিক সরঞ্জাম এবং আর্থিক নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া আইএসডব্লিউএপি’র তিন শীর্ষ কর্মকর্তা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউয়ি এবং আবু আল-মুথানা আল-মুহাজিরকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইএস ও আইএসডব্লিউএপি দীর্ঘদিন ধরে পশ্চিম আফ্রিকা অঞ্চলে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে।

নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে জঙ্গি তৎপরতা ও সংঘাতে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শেয়ার করুন