
চলচ্চিত্র পর্দায় যেমন উজ্জ্বল, বাস্তব জীবনের লড়াইতেও তেমনি দৃঢ় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। ভারতীয় এই তারকা আজ সাফল্যের চূড়ায় পৌঁছে ফিরে দেখছেন নিজের দীর্ঘ সংগ্রামের পথ। সম্প্রতি তার প্রথম প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইক কুড়ি’ বি-টাউনে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
ভারতীয় মিডিয়ার এক সাক্ষাৎকারে শেহনাজ নিজের শুরুর দিকের ওঠাপড়া, অনিশ্চয়তা ও নিঃসঙ্গ সংগ্রামের কথা স্মরণ করে আবেগ প্রকাশ করেন। তিনি জানান, শুরুর সময় নিজের জন্য বলতেন, “সাবাশ, শেহনাজ গিল। আমি তোমার জন্য গর্বিত। তুমি জীবনে দারুণ করছ। এভাবেই এগিয়ে থাকো।”
তবে ভবিষ্যতের জন্য নিজেকে সতর্ক করতেও তিনি ভোলেননি। তিনি মনে করতেন, “ভাববে না তুমি অনেক কিছু হয়ে গেছ। এখনো কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে যেও না।”
শেহনাজ আরও জানিয়েছেন, বি-টাউনের চকচকে দুনিয়া যতটা মোহময়, ততটাই কঠিন। তাই নিজের ভবিষ্যৎ সংস্করণকে সাবধান করতে বলতেন, “কাউকে দেখে প্রভাবিত হইয়ো না। মানুষ খারাপও হতে পারে। তারা তোমাকে দমিয়ে রাখতে চাইবে। বুদ্ধিমান হও।”
তার প্রথম প্রযোজনা ‘ইক কুড়ি’ একটি ভাঙা হৃদয়ের পরিবারের তরুণীর রহস্যভেদ অভিযানের গল্প। চলচ্চিত্রটি তার প্রযোজনা-জীবনের সফল প্রথম পদক্ষেপ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।
শেহনাজ ২০১৫ সালে ‘শিভ দি কিতাব’ মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন। ২০১৭ সালে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য ছবিগুলো হলো: ‘কালা শাহ কালা’, ‘ডাকা’, ‘হনসলা রাখ’, বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’।
সিএনআই/২৫