
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বার্জিস শাবনাম বর্ষার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বংশাল থানায় ছাত্র জোবায়েদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার ১৫ দিন পর মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ আবেদন শুনানি হয়।
বর্ষার আইনজীবী মাহমুদুল হাসান শহীদ আদালতে বলেন, “আসামি বর্ষা ঘটনার সঙ্গে জড়িত নয়। পুলিশ অহেতুক হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এজহারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। বর্ষা একজন কোমলমতি শিক্ষার্থী, তাকে জামিন দেওয়া হোক।”
তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা চৌধুরী সুমন জামিনের বিরোধিতা করে বলেন, “বর্ষা নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তিনি জামিন পেলে পলাতক হবেন।”
এর আগে ২১ অক্টোবর বর্ষা, তার প্রেমিক মাহির রহমান এবং মাহির বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠান।
মামলার তদন্ত অনুযায়ী, বর্ষা ও মাহির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পরে বর্ষা তার টিউটর জোবায়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, যা নিয়ে মাহিরের সঙ্গে বিরোধ তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, বর্ষার উসকানিতে মাহির ও তার সহযোগী আয়লান মিলে জোবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
উল্লেখ্য, নিহত জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন। ১৯ অক্টোবর সন্ধ্যায় বংশাল এলাকার একটি ভবনে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
সিএনআই/২৫