২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে

শেয়ার করুন

শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে—প্রাথমিক শিক্ষা অধিদফতরের এমন সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরকে।

সোমবার (৩ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতর গত ১৭ জুলাই এক স্মারকে জানায় যে, কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ ৪২ জন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি একটি রিট আবেদন করেন।

রিটের প্রাথমিক শুনানিতে গত ২ সেপ্টেম্বর হাইকোর্ট ওই স্মারকের কার্যক্রম স্থগিত করে এবং রুল জারি করে জানতে চায়—কেন এই সিদ্ধান্ত আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না এবং কেন ২০০৮ সালের নীতিমালা অনুযায়ী পরীক্ষার আয়োজনের নির্দেশ দেওয়া হবে না।

চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করে জানায়, সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রায়ের ফলে বেসরকারি স্কুলের শিক্ষার্থীরাও এবার সেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

শেয়ার করুন