
রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে ঢাকার কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক ও দক্ষিণখানসহ একাধিক এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন।
তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, বর্তমানে রাজধানীর বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কার কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার কারণে বাতাসে এমন গন্ধ ছড়াতে পারে। এছাড়া কোথাও পাইপলাইন লিকেজ হলেও একই ধরনের গন্ধ পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, “এ বিষয়ে আতঙ্কিত না হয়ে কেউ যদি নির্দিষ্ট এলাকায় গ্যাসের গন্ধ পান, তাহলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করুন। আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সিএনআই/২৫