
প্রবাসী শ্রমিকদের (রেমিট্যান্স যোদ্ধা) পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেখি। তাদের সেবায় পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।”
তিনি আরও জানান, যাত্রীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় কমিয়ে এনে যাত্রীসেবা আরও সহজ ও দ্রুত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিমানবন্দরের অগ্নিকাণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তে সহায়তা করতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল আসবে। তারা ঘটনাটির কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।”
সিএনআই/২৫