
লালমনিরহাটের আদিতমারীতে যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক নারী যাত্রী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার আতিকুল ইসলাম আতিক (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলা সদরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলেই মারা যান আতিকুল ইসলাম। গুরুতর আহত বকুল মিয়া ও এক নারী যাত্রীকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বকুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এতে দু’জনের মৃত্যু হয়েছে।”
সিএনআই/২৫