
মৃত্যু প্রতিটি জীবের অনিবার্য পরিণতি। আল্লাহ তায়ালা কোরআনে বলেন—
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”
—(সুরা আলে ইমরান : ১৮৫)
মৃত্যুর পর মানুষের প্রথম গন্তব্য হলো কবর। হাদিসে এসেছে, কেউ মৃত্যুবরণ করলে যেন দ্রুত তার গোসল, কাফন, জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। তবে ইসলামে তিনটি সময়ে দাফন করা নিষিদ্ধ করা হয়েছে।
হজরত উকবা বিন আমের (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“তোমরা তিন সময়ে নামাজ পড়ো না এবং মৃতদের দাফন করো না।”
—(মুসলিম : ৮৩১)
নিষিদ্ধ তিন সময়:
১️। সূর্যোদয়ের সময় — যতক্ষণ না সূর্য পুরোপুরি উপরে উঠে।
২️। দুপুরে সূর্য ঠিক মাথার ওপরে থাকাকালে — অর্থাৎ ঢলে না যাওয়া পর্যন্ত।
৩️। সূর্যাস্তের সময় — সূর্য ডোবার মুহূর্তে থেকে সম্পূর্ণ ডোবা পর্যন্ত।
এই সময়গুলোতে নামাজ ও দাফন নিষিদ্ধ, কারণ এসব সময় সূর্য পূজারীদের উপাসনার সঙ্গে মিলে যায়।
প্রসঙ্গত, জানাজার নামাজে জুতা পরে দাঁড়ানো সম্পর্কেও ইসলামি দৃষ্টিকোণ রয়েছে। যদি জায়গা ও জুতা উভয়ই পবিত্র হয়, তবে জুতা পরে জানাজা পড়া জায়েজ। তবে অপবিত্রতার আশঙ্কা থাকলে জুতা খুলে তার ওপর দাঁড়ানোই উত্তম।
সূত্র: আলবাহরুর রায়েক (১/২৬৮), ফাতাওয়া হিন্দিয়া (১/৬২), শরহুল মুনইয়াহ (২০৮), ফাতাওয়া তাতারখানিয়া (২/৩১)।
সিএনআই/২৫