২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ যুগ ধরে সড়কের কাজ হয়নি — কাদামাটিতে ধানগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

শেয়ার করুন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম বাড়ৈকাড়া মুক্তিযোদ্ধা আয়ূব চৌধুরী সড়কের বেহাল দশায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। দীর্ঘ চার যুগ ধরে সংস্কার না হওয়া সড়কে গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ধানগাছ রোপণ করে অনন্য উপায়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এ সড়কটির কোনো সংস্কার হয়নি। মৌলবীহাট সংযোগ সড়ক থেকে বুধপূরা, আনোয়ারা ও হরিনখাইন পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এখন কাদা ও গর্তে ভরা।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সামান্য জলেই হাঁটু কাদা হয়ে যায় রাস্তাজুড়ে। যানবাহন চলাচল তো দূরের কথা, অসুস্থ রোগী বা মৃতদেহ কবরস্থানে নেওয়ার সময়ও চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর।

একজন বিক্ষুব্ধ বাসিন্দা বলেন, বছরের পর বছর ধরে আশ্বাস শুনছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়েই ধানগাছ লাগিয়ে প্রতিবাদ জানালাম।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দশ হাজার মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের এমন করুণ অবস্থায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবাই দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বিষয়টি আর বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে, নইলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।

শেয়ার করুন