২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জেরে বরখাস্ত ইসরায়েলের জাতীয় নিরাপত্তাপ্রধান হানেগবি

শেয়ার করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে হানেগবি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) উপপ্রধান গিল রিচকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

এক বিবৃতিতে হানেগবি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাকে জানিয়েছেন যে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন নেতৃত্ব আনতে চান। সেই অনুযায়ী আমার মেয়াদ আজ শেষ হলো।’

এর কিছু পর নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হানেগবির দীর্ঘ তিন বছরের সেবার জন্য প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

সূত্র জানায়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল হানেগবির। তিনি গাজা নগরীর পূর্ণ সামরিক দখলের বিরোধিতা এবং হামাসের সঙ্গে আংশিক সমঝোতার পক্ষে ছিলেন। এ কারণে তাঁর পদচ্যুতি অনেকটা প্রত্যাশিতই ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর নিরাপত্তা ব্যর্থতার তদন্ত দাবি করেন হানেগবি। তিনি ওই ব্যর্থতার দায় নিজের ওপরও নেন। তবে এখনো পর্যন্ত নেতানিয়াহু সরকার কোনো তদন্ত কমিশন গঠন করেনি, যা নিয়ে বিরোধী দলের সমালোচনা অব্যাহত।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট হানেগবিকে বরখাস্ত করার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।

লিকুদ দলের প্রভাবশালী নেতা হানেগবি ২০২৩ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। তিনি এর আগে জননিরাপত্তা, গোয়েন্দা ও আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন