২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

শেয়ার করুন

অবশেষে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির উৎসবমুখর দিনে প্রথমবারের মতো তাদের কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন তারা।

দীপাবলির বিশেষ মুহূর্ত পরিবারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই তারকা দম্পতি। ছবিগুলোতে দীপিকা, রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা গেছে ঐতিহ্যবাহী পোশাকে। মা-মেয়ে দুজনের পরনেই ছিল লাল চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার সাজে যেমন আভিজাত্য, দুয়ার পোশাকেও তেমনি ফুটে উঠেছে মায়ের রুচি।

অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা-ঘিয়ে রঙের শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের হাস্যোজ্জ্বল মুহূর্ত ভরপুর—দুয়া কখনো হাসছে, কখনো বাবা-মায়ের কোলে খেলছে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”

দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন তাদের কন্যাকে দেখার জন্য। কেউ বলছেন দুয়া হুবহু দীপিকার মতো, আবার কেউ রণবীরের ছায়া খুঁজে পাচ্ছেন তার চোখেমুখে।

শেষ ছবিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন—দৃশ্যটি মুহূর্তেই ছুঁয়ে গেছে অনুরাগীদের হৃদয়।

উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। একই বছরের দীপাবলিতে প্রকাশ করেছিলেন মেয়ের নাম—‘দুয়া’।

সিএনআই/২৫

শেয়ার করুন