২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজ পরিবর্তনের অঙ্গীকারে ‘বিহান’: তরুণদের এক অনন্য সামাজিক উদ্যোগ

শেয়ার করুন

 

মাহবুব আলম,
শাহরাস্তি প্রতিনিধি:

মানবতার সেবায় ও সমাজ সংস্কারে একদল উদ্যমী তরুণের উদ্যোগে ২০২৪ সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন ‘বিহান’। মাত্র ১৬ মাসের স্বল্প সময়েই সংগঠনটি স্থানীয় পরিসরে যে কার্যক্রমের নজির সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

বিহানের যাত্রা শুরু হয় সমাজের অন্যায়, অনাচার ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংকল্প থেকে। সংগঠনের প্রতিষ্ঠাতারা বিশ্বাস করেন—পরিবর্তন নিজে থেকে আসে না; তা আনতে হয় উদ্যোগ, প্রচেষ্টা ও ত্যাগের মাধ্যমে। পবিত্র কোরআনের আয়াত “নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে” (সূরা রা’দ, আয়াত ১১)–এর আলোকে ‘বিহান’ কাজ করছে ইসলামী চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়।

তরুণদের প্ল্যাটফর্ম

‘বিহান’ মূলত একদল শিক্ষার্থী ও তরুণ এক্টিভিস্টের উদ্যোগে গড়ে ওঠা সংগঠন। তারা তৃণমূল পর্যায় থেকে উঠে এসে সমাজের অসংগতি, দারিদ্র্য ও মানবিক সংকটগুলোকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছে। এসব অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় সমাজ পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা।

সংগঠনের প্রতিষ্ঠাতাদের ভাষায়—“আমরা বিশ্বাস করি, সমাজের প্রকৃত পরিবর্তন নিহিত রয়েছে ইসলামের শিক্ষার মধ্যেই। ইসলামী নৈতিকতা ও আত্মপরিচয়ের জাগরণই হতে পারে তরুণ সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার চাবিকাঠি।”

কর্মপরিধি ও লক্ষ্য

বর্তমানে বিহান কাজ করছে শাহরাস্তি (চাঁদপুর) এবং মনোহরগঞ্জ (কুমিল্লা) অঞ্চলে। ভবিষ্যতে সংগঠনটি এই কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত আকারে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

সংগঠনটি তিনটি মূল পরিসরে কাজ করছে—

১️। জনসেবামূলক কার্যক্রম:
শীতবস্ত্র বিতরণ, রমজান ও ঈদকেন্দ্রিক আয়োজন, বৃক্ষরোপণ, রক্তদান, ত্রাণ বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও পথশিশুদের সহায়তা কর্মসূচি।

২️। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দাওয়াহ ও ক্যাম্পেইন:
অশ্লীলতা, হারাম সম্পর্ক, আত্মহত্যা, মানসিক বিকৃতি, গর্ভপাত ও বৃদ্ধাবস্থায় অবহেলার মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে পোস্টার, ভিডিও কনটেন্ট ও স্ট্রিট দাওয়াহর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।

৩️। সামাজিক সচেতনতা কার্যক্রম:
ইসলামের প্রাসঙ্গিকতা, নৈতিক মূল্যবোধ ও ইতিহাসভিত্তিক সেমিনার আয়োজন; কুইজ, ডকুমেন্টারি প্রদর্শন এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের চিন্তাশীল করে তোলা।

সহযোগিতার আহ্বান

বিহান এখন পর্যন্ত আল্লাহর তাওফিকে একাধিক সফল কার্যক্রম সম্পন্ন করেছে। তবে সংগঠনের সদস্যরা সবাই শিক্ষার্থী হওয়ায় স্থায়ী আয়ের উৎস নেই। তাই সফর, প্রচারণা ও কার্যক্রম পরিচালনায় তারা সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করছে।

সংগঠনটি জানায়—ইচ্ছুক ব্যক্তিরা এককালীন অনুদান দিতে পারেন, কিংবা মাসিক সদস্য হয়ে ধারাবাহিকভাবে সহযোগিতা করতে পারেন।
📞 বিকাশ: ০১৯৬১৯২৮২৪৩
📞 নগদ: ০১৯১৯৪২৪৭৯৩
ফেসবুক পেজ: “বিহান” (সার্চ করুন)

পরিবর্তনের সূর্যোদয়

‘বিহান’ বিশ্বাস করে—পরিবর্তন সম্ভব, যদি আমরা নিজেরা সেই পরিবর্তনের সূচনা করি। সংগঠনের তরুণ সদস্যদের ভাষায়—“আমরা সেই নতুন ভোরের প্রত্যাশী, যেখানে সমাজ আল্লাহর নির্দেশে অন্ধকার ভেদ করে সত্য, নৈতিকতা ও ইসলামের আলোয় উদ্ভাসিত হবে—বিইজনিল্লাহ।”

সিএনআই/২৫

শেয়ার করুন