২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে

শেয়ার করুন

কুয়ালালামপুর বিমানবন্দরে আটক ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার (গত ১৮ ফেব্রুয়ারি) তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এর আগে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে ৬৮ জন বিদেশিকে আটক করে। তাদের মধ্যে ৪৫ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

এক বিবৃতিতে একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরবর্তীতে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে “নোটিশ টু লিভ” (এনটিএল) দেওয়া হয়।

একেপিএস আরও জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএ-এর নজরদারি দল ২,৬৫৪ জন বিদেশিকে পরীক্ষা করে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

 

শেয়ার করুন