
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং গণমাধ্যমে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত বছর ১৮ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে নিরাপত্তাহীনতার কারণে তাকে তাড়াহুড়ো করে শুটিং রেখেই ঢাকা ছাড়তে হয়েছিল। সেই অসম্পূর্ণ সিনেমার কাজ শেষ করতে এখনো দেশটিতে ফিরতে ভয় পাচ্ছেন তিনি।
পাওলি বিশেষভাবে ব্যথিত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায়। তিনি আক্ষেপ করে বলেন, “সোনার বাংলার এমন পরিস্থিতি হবে কোনোদিন ভাবিনি।” এছাড়া শিল্পীদের ‘ভারতীয় এজেন্ট’ তকমা দেওয়া এবং ওপার বাংলার সহকর্মীদের নীরবতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ওপাড়ে থাকা বন্ধুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে পাওলি বলেন, শিল্পের কোনো কাঁটাতার থাকে না, কিন্তু বর্তমান পরিবেশে আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কাজ করা যাবে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। সবশেষে তিনি বাংলাদেশের মানুষের শান্তি কামনা করেছেন।
সিএনআই/