২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, জানুন কে কত পাবেন

শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের জন্য সুখবর দিয়েছে। জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এবং ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির পরিচালক ও নারী ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন জানিয়েছেন, এখন থেকে সিরিজ চলাকালে নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার করা হয়েছে। পাশাপাশি ট্যুর ফিও ২৫ ডলার থেকে দ্বিগুণ করে ৫০ ডলার করা হয়েছে।

বেতন কাঠামোতেও বড় পরিবর্তন এসেছে। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে বেতন ১ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা এখন থেকে ৯৫ হাজার টাকা পাবেন, যা আগে ছিল ৭০ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরির বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অতিরিক্তভাবে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে পাবেন।

নতুন চুক্তি অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার এবং শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান এবং সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ যদি জাতীয় দলে জায়গা পান, তবে তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন। বিসিবির এই সিদ্ধান্তকে নারী ক্রিকেটের উন্নয়নের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সিএনআই/২৫

শেয়ার করুন