২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রশ্ন—যথাসময়ে কি নির্বাচন হবে?

শেয়ার করুন

দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে বিএনপির বিজয় ঠেকাতে—এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনমনে এখন প্রশ্ন উঠছে—যথাসময়ে নির্বাচন হবে কি না।

রোববার (২ নভেম্বর) রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির অনলাইন সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করা হয়।

তারেক রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো অবস্থা যেন তৈরি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। সংঘাত, অপপ্রচার ও অপকৌশলের মাধ্যমে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রত্যেক আসনে দলীয় প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে হবে। মনে রাখবেন, গুপ্ত স্বৈরাচার এখনো ওত পেতে আছে। নিজেদের বিভেদে প্রতিপক্ষ যেন সুযোগ নিতে না পারে।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগির পর্যায়ক্রমে তিনশ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তারেক রহমান বলেন, “বিএনপির প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা বঞ্চিত হবেন, তাদেরও দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।”

তিনি আরও জানান, রাজপথের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর যোগ্য প্রার্থীদেরও বিএনপি সমর্থন করবে। “দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের এই বাস্তবতা মেনে নিতে হবে,” বলেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আসতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, “নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। বিএনপি গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।”

তিনি অভিযোগ করেন, অতীতে পতিত স্বৈরাচার সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। এখনো বিভিন্ন অপশক্তি বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র করছে। “জনমনে প্রশ্ন বাড়ছে—যথাসময়ে কি নির্বাচন হবে? এই অনিশ্চয়তা গণতন্ত্রের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে,” বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ (সোমবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে দলের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তারেক রহমান।

এ ছাড়া জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জরুরি ভিত্তিতে লন্ডনে ডেকে নিয়েছেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনী জোট নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন