২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে আশ্রয় চাইলেন পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা

শেয়ার করুন

বাংলাদেশ থেকে পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা বর্তমানে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার কারাগারে বন্দি রয়েছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, দাবি করেছেন—তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ (চাচাতো ভাই)।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফি জানিয়েছে, আর্থিক প্রতারণার একাধিক মামলায় অভিযুক্ত সোহেল রানা গত ৯ মাস ধরে আলবেনিয়ায় আটক আছেন।

তিনি বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১,১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। সোহেল রানার বিরুদ্ধেও ঢাকায় নয়টি মামলার তথ্য দিয়েছে পুলিশ।

২০২১ সালে মামলা হওয়ার পর তিনি দেশ ত্যাগ করেন। দাবি করা হয়, ভারত হয়ে নেপালে পালানোর সময় পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পেয়ে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় পৌঁছান।

ইন্টারপোল ২০২২ সালে তার বিরুদ্ধে ‘রেড নোটিস’ জারি করে। অবশেষে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি আলবেনিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তিনি আলবেনিয়ার কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে বলেছেন, বাংলাদেশে ফেরত পাঠানো হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, সোহেল রানাকে দেশে ফেরাতে আলবেনিয়ার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

সিএনআই/২৫

শেয়ার করুন