২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারিত হবে ১৩ নভেম্বর

শেয়ার করুন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও একজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৩ নভেম্বর রায়ের দিন নির্ধারণ করবেন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ১৩ নভেম্বর আদালত জানাবেন—কত দিনের মধ্যে রায় ঘোষণা করা হবে।

এদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্য উপস্থাপন করেন।

এর আগে ১৬ অক্টোবর প্রসিকিউশন শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। পরে ২০ অক্টোবর আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন শেখ হাসিনার নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান।

এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে ৫৪ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে, যার মধ্যে ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

মামলার অভিযোগপত্রটি মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যাতে ৮১ জন সাক্ষীর নাম রয়েছে এবং এতে শহীদদের তালিকা, দালিলিক প্রমাণ ও জব্দতালিকাসহ বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন