
অতিরিক্ত আইজিপি থেকে শুরু করে পুলিশ সুপার (এসপি) পর্যায়ের মোট ২১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কাকে কোথায় বদলি ও পদায়ন করা হলো
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এনএসআইয়ের পরিচালক থেকে পদোন্নতিপ্রাপ্ত ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে ঢাকায় দায়িত্ব দেওয়া হয়।
প্রলয় চিসিমকে পিটিসি নোয়াখালীতে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি রংপুরে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে এসবির ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে পিটিসি খুলনায় ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানকে র্যাবে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদফতরে একই পদে বদলি করা হয়।
দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আর আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে দ্বিতীয় এপিবিএনের ময়মনসিংহের মুক্তাগাছার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়া, রাঙ্গামাটিতে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বিপিএ, সারদা, রাজশাহীতে পদায়ন করা হয়।
নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে পিটিসি রংপুরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদফতরে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে বিপিএ, সারদা রাজশাহীতে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।