
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া হাইল হাওরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ে একটি বিশাল অজগর সাপ। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
সোমবার( ১৫ জুন) সকাল ১০টায় দিকে ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি মাছ ধরতে যান। জাল ফেলার পর হঠাৎ জালের মধ্যে বিশাল আকৃতির একটি সাপ দেখতে পান তারা। সাপ দেখে ভয়ে জাল ফেলেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে ঘটনাটি সাবেক ইউপি চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছকে জানানো হয়। তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান।
স্বপন দেব সজল পরিচালক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি এটি একটি বার্মিজ পাইথন, স্থানীয়ভাবে অজগর নামে পরিচিত। জালে আটকে সাপটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘ এক ঘণ্টার সতর্ক প্রচেষ্টায় কোনো ক্ষতি না করে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হই।
উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য পরীক্ষার পর সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, হাইল হাওর সংলগ্ন এলাকায় অজগরের বিচরণ রয়েছে। খাদ্যের সন্ধানে বা বর্ষার পানিতে এরা লোকালয়ে চলে আসতে পারে। সাপ দেখে না মেরে বন বিভাগ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে অনুরোধ জানিয়েছেন তারা।