১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে দেখতে পারেন এই ১০ সিনেমা!

শেয়ার করুন

এত সিনেমা-কনটেন্টের ভিড়ে কি মনে আছে Friendly Neighbourhood Filmmakers-দের কথা? যারা করপোরেট চাকরির ব্যস্ততার মাঝেও সিনেমা বানানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন।

সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় Friendly Neighbourhood Filmmakers-FNF একটি উদ্যোগ, যেখানে অল্প পরিসরে ও স্বল্প খরচে নির্মিত হয়েছিল ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

গত বছর ৩০ মে বিশেষভাবে প্রদর্শিত হয় ১০ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যা দর্শকদের কাছ থেকে পেয়েছিল উষ্ণ সাড়া। সেই প্রদর্শনীর বছরপূর্তি উপলক্ষে এবার চলচ্চিত্রগুলো সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

গত ২৭ মে এফএনএফ তাদের ফেসবুকে পোস্টের মাধ্যেমে জানান দেয় তারা সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ইউটিউবে মুক্তি দেবে। একটি পোস্টে লেখেন- ‘পেটের খিদে মেটাতে কালাভুনা, মেজবানি আর রেজালা তো অনেক খেলেন, এবার না হয় মনের খিদেটাও মেটানো যাক!’

Friendly Neighbourhood Filmmakers-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিন্ন ভিন্ন জনরায় নির্মিত সিনেমাগুলো হলো– জাহিদুল হক অপু নির্মিত ‘হুদাই মিস’, ‘হামাংকুলাস’ (ইবনে নূর রাকিব), ’সোলমেট’ (আদেল ইমাম অনুপ), ‘চা চাই’ (শেখ কোরাশানী), ‘তেলাপোকা’ (আল-আমিন হাসান নির্ঝর), ‘লোক’ (মাহমুদা সুলতানা রীমা), ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’ (কনক খন্দকার), ‘ফর সেল’ (ফজলে রাব্বি), ‘অন দ্যা কন্ট্রারি’ (ইমতিয়াজ হোসেন) এবং আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘ইশপাইট’।

সিনেমাগুলো দেখা যাবে এই লিংকে- https://www.youtube.com/@dearFNF

Friendly Neighbourhood Filmmakers-এর পক্ষ থেকে জাহিদুল হক অপু বলেন, ‘এফএনএফ প্ল্যাটফর্মে ২০ জনের মতো সদস্য আছে। যাদের স্বপ্ন এক। এদের মধ্যে থেকে এবার ১০ জন নির্মাণ করেছেন আর বাকিরা কাজ করেছেন ক্যামেরার সামনে ও পেছনে। এটা ছিল আমাদের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আরও নতুন নির্মাতা আসবেন এবং আমরা দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই যার যার জায়গা থেকে ভ্যালু অ্যাড করার মাধ্যমে সিনেমাগুলো নির্মাণের পরিকল্পনা করেছি।’

এফএনএফ–এর পক্ষে শেখ কোরাশানী বলেন, ‘আমাদের লক্ষ ছিল স্বল্প বাজেটি সিনেমা নির্মাণ। সেটা আমরা প্রথম সিজনে করেছি। এই প্র্যাকটিসটা আমরা করতে থাকব। পাশাপাশি কীভাবে আরও প্রফেশনাল কাজ করা যায়, সেই চেষ্টাও থাকবে।’

এফএনএফ–এর পক্ষ থেকে জানানো হয়, ইউটিউবে রিলিজ হওয়া কনটেন্টগুলোর মতো না তাদের সিনেমাগুলো। অনেকগুলো মিসম্যাচ জনরা আছে। এখানে ‘লোক’ নামের সিনেমাটি বাংলাদেশি ফোক হরর ঘরানার। এরইমধ্যে সিনেমাটি একাধিক বিদেশি ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। ‘সোলমেট’ সিনেমাটা একটা জুতার পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়ছে। এই সিনেমাটাও গিয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। একজন কর্পোরেট চাকরিজীবী আর জ্বীনের দেখা হওয়া নিয়ে গল্প আছে ‘হুদাই মিস’ সিনেমায়। রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইশপাইট’।

‘প্রেসার কুকার’ খ্যাত রিজভী রিজু অভিনয় করেছেন প্ল্যাটফর্মিটর ‘ফর সেল’ সিনেমায়। ’রকস্টার’ সিনেমার গীতিকার, কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানি অভিনীত ‘অন দ্যা কন্ট্রারি’ সিনেমাটি রয়েছে এই ১০ সিনেমার তালিকায়।

নির্মাতাদের আশা, এই উদ্যোগ নতুন নির্মাতাদের স্বল্প পরিসরে গল্প বলার সাহস জোগাবে। আর ‘Season 01’ নামেই স্পষ্ট, এ যাত্রা কেবল শুরু। শিগগিরই আসতে পারে সিজন ২ এর ঘোষণা।

শেয়ার করুন