২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত সিটি গড়ার ঘোষণা কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর

শেয়ার করুন

এস এম শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে দুর্নীতিমুক্ত নগর প্রশাসন গড়ার ঘোষণা দিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। রোববার (১ মার্চ) বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক মো. মোখতার আহমেদ। তাঁর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নতুন প্রশাসক। সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেওয়ার পর নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। খুলনার মানুষের প্রত্যাশা পূরণে আমরা আপসহীন থাকব।” তিনি জানান, সীমিত সামর্থ্য নিয়েও নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হবে।

নগর পরিচ্ছন্নতা নিয়ে তাৎক্ষণিক কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ভোর ৬টার পর থেকে নিজে মাঠে নেমে ড্রেন পরিষ্কার কার্যক্রম তদারকি করবেন বলে জানান। “আমি ঘুমাব কম, কাজ করব বেশি। দেখতে চাই কর্মচারীরা কতটা দায়িত্বশীলভাবে কাজ করেন,” বলেন তিনি।

উন্মুক্ত আবর্জনা বন্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে প্রশাসক বলেন, খোলা স্থানে ময়লার স্তূপ রাখা যাবে না। বর্জ্য প্যাকেটজাত করে ঢেকে রাখা এবং পুনর্ব্যবহারযোগ্য অংশ রিসাইক্লিংয়ের মাধ্যমে সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

নাগরিক দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব আরোপ করেন নতুন প্রশাসক। তিনি বলেন, কিছু কাজ প্রশাসনের, আবার কিছু কাজ নাগরিকদেরও। সবার সমন্বিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও সুশাসিত খুলনা গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেয়ার করুন