২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিভাগীয় পর্যায়ে পাঁচ অদম্য নারীকে সম্মাননা

শেয়ার করুন

এস এম শাহরিয়ার, খুলনা প্রতিনিধি:

খুলনা বিভাগীয় পর্যায়ে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়েছে। রোববার নগরীর খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দেশের প্রতিটি নারীই অদম্য। শিক্ষা মানুষকে আলোকিত করে, আর সেই আলোর অংশ হয়েই নারীরা সমাজে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সাফল্য পেতে নারীদের এখনো নানা বাধা পেরোতে হয়। তবে পুরস্কারের অর্থমূল্য বড় নয়, বড় হলো স্বীকৃতি। আজ যারা সম্মানিত হয়েছেন, তারা শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের জন্যও গর্বের জায়গা তৈরি করেছেন। নারীদের কাজ নারী হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়নের আহ্বানও জানান তিনি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

বিভাগীয় পর্যায়ে পাঁচজনকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

শ্রেষ্ঠ অদম্য নারীরা হলেন—

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম।

শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনে কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন।

সফল জননী হিসেবে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম।

নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে যশোর সদরের শরিফা ইয়াসমিন।

সমাজ উন্নয়নে অবদানের জন্য চুয়াডাঙ্গার জীবননগরের মোছা. রাজিয়া খাতুন।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং পুরস্কারপ্রাপ্তদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন