২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক ও ভোক্তার স্বার্থ হারাচ্ছে মাইনীমূখ বাজারে সিন্ডিকেটের কবল

শেয়ার করুন

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

লংগদু উপজেলার প্রাণকেন্দ্র মাইনীমূখ বাজার প্রতিদিনই ভিড়, লেনদেন ও জীবিকার খোঁজে আসা কৃষক ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর। তবে এই কোলাহলের আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসছে অনিয়ম, দখলদারি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ।

প্রতিবার শনিবারের সাপ্তাহিক হাটে বাজারের চিত্র পুরোপুরি বদলে যায়। গরুর হাট, মুরগির বাজার ও কাঁচামালের জন্য আলাদা জায়গা থাকা সত্ত্বেও সবকিছুই কার্যত একটি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে।

গরুর বাজারে সরকারি রেটের কোনো নোটিশ বোর্ড নেই। স্থানীয়রা অভিযোগ করেন, কে কত টাকা আদায় করবে তা নির্ধারিত হয় হাসিল আদায়কারীর ইচ্ছায়। ফসল বিক্রেতাদের সাথে কথা কাটাকাটির ঘটনা প্রায়শই ঘটছে। স্থানীয়দের দাবি, এই বাজার বহু বছর ধরে একটি ‘১২ জনের সিন্ডিকেট’ নিয়ন্ত্রণ করছে। কাগজে-কলমে একজনের নামে বাজারের ডাক দেখানো হলেও বাস্তবে অর্থ দেয় অন্যরা।

কাঁচামালের বাজারেও চিত্র কম দূর্বল নয়। কৃষকেরা নিজের উৎপাদিত সবজি বিক্রি করতে আসলেও বাজারে বসার জায়গা পান না। ফাঁকা জায়গাগুলো আগেই ভাগ হয়ে যায়। ফুটপাত পর্যন্ত আগাম ভাড়া হয়, যা নিয়ন্ত্রণ করে প্রভাবশালী দোকানদার ও বাজার কমিটির অংশবিশেষ। ফলে কৃষক বাধ্য হন পাইকারকে কম দামে পণ্য বিক্রি করতে। পরে তা সাধারণ ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি হয়।

বাজারের মাঝখানের অবস্থা নিয়েও উদ্বেগ আছে। একসময় সারি সারি টং দোকান বসেছিল, যা অবৈধভাবে ভাড়া দেওয়া হতো। ফলে মানুষের চলাচল ও যানবাহনের জন্য সমস্যা সৃষ্টি হতো। বর্তমানে মাঝখান কিছুটা ফাঁকা থাকলেও পুনরায় টং দোকান বসানোর চেষ্টা চলছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো প্রশাসনের নীরবতা। সরকারি রেট চার্ট না থাকা সত্ত্বেও আদায় চলছেই। নিয়ম আছে, প্রয়োগ নেই প্রশাসনের।

শেয়ার করুন