
পূর্ব-সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের শরকির খালসংলগ্ন বনের ভেতরে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার (৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাঘটি উদ্ধার করা হয়। ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করে বনবিভাগ। বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্চের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রর ভারপ্রাক্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন
উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হয়েছেন বন বিভাগের কর্মীরা।
করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রর ভারপ্রাক্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।