
ঢাকায় বসে যুক্তরাষ্ট্রের জাল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বিক্রির এক বিশাল আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই (FBI)। ২৯ বছর বয়সী বাংলাদেশি যুবক জাহিদ হাসান ‘TechTreek’ ও ‘EGiftCard StoreBD’ নামক ওয়েবসাইটের মাধ্যমে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই অবৈধ কারবার পরিচালনা করে আসছিলেন। মাত্র ৯ থেকে ১৪ ডলারের বিনিময়ে তিনি যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর নথির জাল টেমপ্লেট বিক্রি করতেন। পেমেন্ট হিসেবে তিনি গ্রহণ করতেন বিটকয়েন, যার মাধ্যমে গত ৪ বছরে তিনি ১,৪০০ গ্রাহকের কাছ থেকে প্রায় ৩৫ কোটি টাকা (২.৯ মিলিয়ন ডলার) আয় করেছেন।
মন্টানা অঙ্গরাজ্যের এক ব্যক্তির কেনা জাল পাসপোর্টের সূত্র ধরে শুরু হওয়া এই তদন্তে জাহিদের বিরুদ্ধে ৯টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে জাল পরিচয়পত্র স্থানান্তর, পাসপোর্ট জালিয়াতি এবং সামাজিক নিরাপত্তা প্রতারণা উল্লেখযোগ্য। অভিযোগ প্রমাণিত হলে জাহিদের ১২৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২২.৫ লাখ ডলার জরিমানা হতে পারে। বর্তমানে এই জালিয়াতি চক্রের শিকড় উপড়ে ফেলতে এফবিআই-এর সাথে কাজ করছে বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল। ঢাকার এই যুবকের আন্তর্জাতিক এই অপরাধমূলক কর্মকাণ্ড এখন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সংবাদমাধ্যমে টপ নিউজে পরিণত হয়েছে।
সিএনআই/২৫