
ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আনুষ্ঠানিকভাবে এ উদ্বেগ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ভূখণ্ডে বাংলাদেশি কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী।
বাংলাদেশ সরকার এ ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত সরকার দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেবে।
সিএনআই/২৫