
কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। প্রতিদিন পানি ও বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ, রক্তচাপ সামলানো, হরমোন ভারসাম্য রক্ষা—এসবই নির্ভর করে কিডনির কার্যকারিতার ওপর। কিন্তু কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হলে তা প্রথমে সহজে ধরা দেয় না।
চিকিৎসকরা বলছেন, কিডনি সমস্যার প্রাথমিক সংকেত চোখের মাধ্যমে ধরা পড়তে পারে। চোখ সংবেদনশীল হওয়ায় শরীরের অভ্যন্তরীণ পরিবর্তনগুলো আগে চোখে প্রকাশ পায়। কিডনি খারাপ হওয়ার আগে চোখে যে লক্ষণগুলো দেখা দিতে পারে, সেগুলো হলো—
১. ঝাপসা বা দ্বিগুণ দেখা: হঠাৎ দৃষ্টি ঝাপসা বা দ্বিগুণ দেখার সমস্যা হাইপারটেনসিভ বা ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে হতে পারে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনি ক্ষতির মূল কারণ।
২. চোখ শুষ্ক বা চুলকানো: দীর্ঘস্থায়ী শুষ্ক চোখ কিডনি রোগ বা ডায়ালাইসিসের সঙ্গে সম্পর্কিত। এটি ক্যালসিয়াম ও ফসফেটের ভারসাম্যহীনতার কারণে হতে পারে।
৩. সারা দিন চোখ ফোলা: চোখের চারপাশে ফোলাভাব থাকলে সতর্ক হোন। এটি প্রোটিনুরিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে, যেখানে প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বের হয় এবং নরম টিস্যুতে তরল জমে।
৪. রং বুঝতে সমস্যা: নীল বা হলুদ রঙ সঠিকভাবে না চেনা কিডনিতে সমস্যা নির্দেশ করতে পারে। এটি অপটিক নার্ভ বা রেটিনার ক্ষতির কারণে ঘটে।
৫. লাল বা রক্তাভ চোখ: চোখ লাল হলে সাধারণ কারণ যেমন অ্যালার্জি বা ক্লান্তি হতে পারে। তবে কিডনি রোগের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসও এর পেছনে থাকতে পারে।
সতর্কতা:
যদি চোখের সমস্যা দীর্ঘস্থায়ী হয়, সঙ্গে ক্লান্তি, শরীর ফোলা বা প্রস্রাবে পরিবর্তন দেখা দেয়, তবে চোখ ও কিডনি দুটোই পরীক্ষা করানো জরুরি।
সিএনআই/২৫