
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের দমন ও হত্যার পেছনে যারা অর্থায়ন করেছেন, তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী শক্তি’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় জুলাই আন্দোলন দমনে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে ঢাকা ও গাজীপুরের একাধিক প্রভাবশালী ব্যবসায়ী অর্থ সহায়তা দিয়েছেন। এই অর্থ ব্যবহার করেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে জুলাই আন্দোলনের এক কর্মী ইশতিয়াক বলেন, ফ্যাসিবাদের দোসররা খুনি হাসিনার সঙ্গে বিভিন্ন দেশে সফর করেছে এবং এখনও দেশের বাইরে গিয়ে শেখ পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে। তারা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গোপনে অর্থ সরবরাহ করে যাচ্ছে।
আরেক আন্দোলনকারী মনসুর অভিযোগ করে বলেন, সালাউদ্দিন নামে এক ব্যক্তি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার ঘটনায় জড়িত থাকার পরও শেখ ফজলে নূর তাপসের সঙ্গে উদযাপন করেছেন। তিনি দ্রুত ওই ব্যক্তিসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের দমন ও হত্যার সঙ্গে জড়িত অর্থ জোগানদাতাসহ সব দোষীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সিএনআই/২৫