২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিশনকে জড়িয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ গুম কমিশনের

শেয়ার করুন


গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির নাম ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত সময়সীমাকে কেন্দ্র করে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে, তা কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি বা প্রভাবিত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, কমিশনের বিভিন্ন জিজ্ঞাসাবাদ কার্যক্রমে খন্দকার রাকিব নামে এক ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওই ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে কর্মরত ছিলেন না এবং কমিশনের কোনো জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তার উপস্থিতি ছিল না।

কমিশনের মতে, এ ধরনের অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের এবং তাদের পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কমিশন নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। এ কাজে দেশপ্রেমিক সব নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ ছাড়া কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক তথ্যের প্রতি কর্ণপাত না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন