২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৫ লাখ

শেয়ার করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় ছয় লাখ প্রবাসী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জনে।

নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন। এ ছাড়া আরও ৮৬ হাজার ৬৩৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর (আইটি সাপোর্টেড) পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এই ব্যবস্থার আওতায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

গত ১৯ নভেম্বর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের দেওয়া ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মিসর, লিবিয়া, মালয়েশিয়া, তাইওয়ানসহ ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধনের আওতায় রয়েছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটদানের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

সিএনআই/২৫

শেয়ার করুন