
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার পর নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে পর্যায়ক্রমে ইসি ভবনে প্রবেশ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
তিন বাহিনীর প্রধানদের নির্বাচন কমিশনে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এরপর সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনের আগে ও পরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, একইদিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত আরেকটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই বৈঠকে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগের দিন ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএনআই/২৫