২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণসংযোগকালে দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ

শেয়ার করুন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় গণসংযোগ চালানোর সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি আঘাত পান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পেছন দিক থেকে আসা অটোরিকশাটি তার বাঁ পায়ের ওপর উঠে গেলে তিনি আহত হন।

হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে অসুস্থ বোধ করলেও হান্নান মাসউদ তখনও প্রচারণা চালিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বিশ্রামে যান।

আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তার শরীরে লেগে যায়, এতে তার পায়ে আঘাত লাগে।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হান্নান মাসউদের এক্সরে করানো হলেও কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু-একদিন বেড রেস্টে থাকবেন।

হান্নান মাসউদ নিজেও জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অটোরিকশাচালক অল্প বয়সী ছিলেন এবং এতে কারও ইচ্ছাকৃত দোষ নেই। এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্র নয় বলেও তিনি স্পষ্ট করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন