
রাজধানী ঢাকায় আজ আবহাওয়া প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনাও রয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিএনআই/২৫