২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো পাবে পুলিশের নিরাপত্তা প্রটোকল

শেয়ার করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের আগে ও চলাকালে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রটোকল দেওয়া হবে। এতে তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা-সমাবেশ ও সাইবার স্পেসে নিরাপত্তা বজায় রাখার বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকবে।

এ ছাড়া সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বে থাকা ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। প্রেস উইং জানায়, হামলাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের আঙুলের ছাপ পরীক্ষা করা হচ্ছে।

প্রধান সন্দেহভাজন যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও তথ্য পাঠানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, সন্দেহভাজনদের অবস্থান একাধিকবার শনাক্ত হলেও তারা স্থান পরিবর্তন করায় এখনো গ্রেপ্তার সম্ভব হয়নি। প্রধান সন্দেহভাজনের ভ্রমণ ইতিহাস বিশ্লেষণে দেখা গেছে, তিনি আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন এবং সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর গিয়েছিলেন।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ জানিয়েছে, ভারতে অবস্থানরত পলাতকরা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-স্থিতিশীলতা নষ্ট ও নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

ভারত সরকারকে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং শরিফ ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেলে তাদের আটক ও প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন