
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তলবকালে বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিয়ে তার অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
এ সময় আদালতের দেওয়া দণ্ড কার্যকরের লক্ষ্যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। পাশাপাশি, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়টি ভারতীয় হাইকমিশনারের দৃষ্টিগোচর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব ব্যক্তি আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়। কেউ ইতোমধ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকলে তাদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।
প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় ভারতের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে ঢাকা।
তলবকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা। এ লক্ষ্যে তার দেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সিএনআই/২৫