
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় সিংহী ‘ডেইজি’ খাঁচা থেকে বেরিয়ে পড়ার ঘটনায় তদন্তে এক কর্মচারীর গাফিলতির প্রমাণ মিলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থায়ী দৈনিক শ্রমিক আবু বক্কর খাঁচার লক ঠিকমতো না বন্ধ করার কারণে সিংহী বাইরে বের হয়। ঘটনার পর তাকে বরখাস্ত করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘটনার দিন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির নেতৃত্ব দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, অপর সদস্য ছিলেন উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। কমিটি বুধবার (১০ ডিসেম্বর) মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়।
তদন্ত প্রতিবেদনে নিরাপত্তা জোরদার করার সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, খাঁচার দরজা বন্ধ করার সময় একজন কর্মচারী লক করলেও অন্য একজন তা পরীক্ষা করবে। এছাড়া জনবল বৃদ্ধি ও নিরাপত্তা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। অনেক খাঁচা পুরোনো হওয়ায় সংস্কারের প্রয়োজনও নির্দেশ করা হয়েছে।
ঘটনা ঘটেছিল ৫ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে। তখন চিড়িয়াখানায় আতঙ্ক সৃষ্টি হয়, দর্শনার্থীদের দ্রুত বাইরে সরানো হয়। প্রায় দুই ঘণ্টা পর ট্রানকুইলাইজার গান ব্যবহার করে সিংহীকে অচেতন করা হয় এবং বিকেল সোয়া ৭টার দিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয়। কেউ হতাহত হয়নি।
সিএনআই/২৫