
২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল আজ, রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, বুয়েট ও ঢাবির কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে ফল তৈরির কাজ চলছে। অনেক খাতা পরীক্ষা করতে হচ্ছে, ফলে ফল প্রকাশ দুপুরের পর হবে।
ফল সরাসরি দেওয়া হবে না; বরং একটি সামারি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (DGHS) গিয়ে ‘MBBS Result 2025-2026’ লিঙ্কে ক্লিক করে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। সেখানে থেকে ফল ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়া যাবে।
এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ প্রকাশ করবে, যেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর দেখানো হবে। পিডিএফ লিঙ্ক: result.dghs.gov.bd
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস আসন ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি, মোট আসন ৫ হাজার ৬৪৫। বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি, মোট ৭ হাজার ৪০৬। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১।
এই আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন, যেখানে ছাত্র ৪৯ হাজার ২৮ এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪। প্রতিযোগিতা আসনপ্রতি প্রায় ৯ জন।
সিএনআই/২৫