
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
মির্জা ফখরুল জানান, বহু প্রতীক্ষার পর তারেক রহমান দেশে ফিরছেন এবং এর মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রায় তৈরি হওয়া বাধা দূর হওয়ার আশা করছেন তারা। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয়, জাতির জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পরিবর্তনের সময় গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার রায় বাতিল ও অব্যাহতির পর দেশে ফেরার আলোচনা জোরালো হয়।
এর আগে বিএনপি নেতারা তার দ্রুত ফেরার ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার দিন ঘোষণা করল দলটি।
সিএনআই/২৫