২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-মিশরের আপত্তি, প্রাইড আয়োজন নিয়ে ফিফার চিঠি

শেয়ার করুন

২০২৬ বিশ্বকাপে ইরান–মিশরের ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের সিয়াটলে প্রাইড উৎসব আয়োজনের পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছে দুটি দেশের ফুটবল কর্তৃপক্ষ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলের লুমেন ফিল্ডে, আর একই দিন স্টেডিয়ামের আশপাশে এলজিবিটিকিউ+ প্রাইড উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রাইড ম্যাচ অ্যাডভাইজরি কমিটি।

কমিটির ঘোষণামতে, বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি বিশেষ উদ্‌যাপনের দিন রাখা হয়েছে। ১৯ জুন—যুক্তরাষ্ট্রের জুনটিনথ দিবস উপলক্ষে একটি বিশেষ আয়োজন। আর ২৬ জুন—এলজিবিটিকিউ অধিকার আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে প্রাইড থিমে সাংস্কৃতিক প্রদর্শনী, শিল্পকর্ম ও স্টেডিয়ামজুড়ে বিভিন্ন প্রদর্শনের পরিকল্পনা করা হয়।

তবে এই পরিকল্পনা তৈরি হয়েছিল গ্রুপ ড্রয়ের আগেই। ড্রয়ের পর জানা যায়, ঠিক ২৬ জুনেই ইরান–মিশরের ম্যাচ নির্ধারিত হয়েছে।

এ ঘটনায় মিশর প্রথমে আপত্তি জানায়। ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, প্রাইড–সংক্রান্ত এ আয়োজন দুই দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এতে সমর্থকদের মধ্যেও অযাচিত উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করে তারা। প্রতিষ্ঠানটি ফিফাকে চিঠি দিয়ে আয়োজন স্থগিত বা বাতিল করার অনুরোধ জানিয়েছে।

ইরান ফুটবল ফেডারেশনও একই প্রতিক্রিয়া জানায়। ফেডারেশনের প্রধান মেহদি তাজ বলেন, বিশ্বকাপের ম্যাচের দিন এমন অনুষ্ঠান “সম্পূর্ণ অযৌক্তিক” এবং এটি “নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রতি সমর্থন প্রদর্শনের” মতো। ইরানও বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠাবে বলে জানিয়েছেন তিনি।

সিয়াটল কর্তৃপক্ষ এখনো কোনো পরিবর্তন আনেনি তাদের পরিকল্পনায়। প্রাইড উদ্‌যাপন হবে কি না, সে সিদ্ধান্ত এখন ফিফার ওপর নির্ভর করছে।

সিএনআই/২৫

শেয়ার করুন