২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪২ ফুটেও মিলেনি সাজিদ, উদ্ধার অভিযানে নতুন খনন শুরু

শেয়ার করুন

রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ২৪ ঘণ্টা পার হলেও ৪২ ফুট পর্যন্ত অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিস। পরিস্থিতি বিবেচনায় আরও ১০ ফুট গভীর পর্যন্ত নতুন করে খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকেও টানা উদ্ধার অভিযান চলমান ছিল। ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট পর্যন্ত। এর যেকোনো স্থানে শিশুটি আটকে থাকতে পারে। এত গভীর গর্তে উদ্ধার কাজ অত্যন্ত জটিল, বিশ্বের উন্নত দেশেও এমন পরিস্থিতিতে উদ্ধার করতে ৭৫–৭৮ ঘণ্টা সময় লাগে।

তিনি জানান, প্রথমে ৩৫ ফুট পর্যন্ত ক্যামেরা নামানো হলেও ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে কিছু দেখা যায়নি। বর্তমানে ৪৫ ফুট পর্যন্ত অনুসন্ধান সম্ভব হয়েছে, এবং সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে চেষ্টা করা হচ্ছে।

বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বেশ কয়েক দফায় ক্যামেরা নামিয়েও সফলতা পাওয়া যায়নি। তবে একই দিন দুপুরে গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায় বলে জানিয়েছে পরিবার।

শিশুর মা রুনা খাতুন জানান, বুধবার দুপুরে মাঠে যাওয়ার সময় হঠাৎ সাজিদ পেছন থেকে “মা” বলে ডাকলে তিনি ঘুরে দেখেন, সে গর্তের ভেতর পড়ে গেছে এবং ভেতর থেকে ডাকছে। গর্তটি খড় দিয়ে ঢাকা ছিল, তাই তিনি কিংবা শিশুটি কেউই তা বুঝতে পারেননি।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে জমির মালিক সেচকাজের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে এ গর্ত করেন। পানি না পাওয়ায় কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান, ফলে গর্তটি খোলা অবস্থায় ছিল। সেই অবহেলাই আজ শিশুটিকে জীবনসংকটে ফেলেছে।

সাজিদকে জীবিত উদ্ধারের আশায় টানা কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

সিএনআই/২৫

শেয়ার করুন