রাজধানীর মোহাম্মদপুর, শাহজাহান রোডের এক বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মীই হত্যার পর পালিয়ে গেছে।
নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ভবনের ৭ম তলায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও মেয়েকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। সন্দেহভাজন গৃহকর্মীর পরিচয় এখনো নিশ্চিত নয়।
পুলিশ জানায়, সকালে গৃহকর্তা আজিজুল ইসলাম কাজের জন্য বের হন। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নাফিসাকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান।
সন্দেহভাজন গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যেই সে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে গেছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এবং বাথরুমের বালতি থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে।
সিএনআই/২৫